‘তিস্তা ব্যারেজ বাঁচাও, দেশ বাঁচাও, কৃষক বাঁচাও’ শ্লোগানে নীলফামারীর ডালিয়ায় সমাবেশ করেছেন সুবিধাভোগী কৃষকরা।

তিস্তা ব্যারেজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা স্থায়ীকরণের দাবিতে সোমবার দুপুরে পাউবোর ডালিয়া কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।

সমাবেশে ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান অভিযোগ করে বলেন, ‘পাউবোর কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার-পুলিশ এবং অধিক মুনাফার আশায় ইজাদার অতিরিক্ত টাকা নিয়ে ভারী যান চলাচলের সুযোগ করে দেয়। এতে ব্যারেজটি হুমকির মুখে পড়ে।’

খালিশা চাপানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ‘কৃষি ভাণ্ডার হিসেবে গড়ে তুলতে তিস্তা সেচ প্রকল্প তৈরি করা হলেও মূল উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে ব্যারেজটির। শুধু ব্যারেজ নয় ক্ষতিগ্রস্ত হবে নীলফামারী, রংপুর, দিনাজপুর জেলার কৃষকরা।’

ব্যারেজ রক্ষায় ভারী যান চলাচল বন্ধে পাউবো যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সাময়িক নয় স্থায়ীভাবে যান চলাচল বন্ধ করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইতোমধ্যে পাউবোর কিছু কর্মচারী ঢাকায় তদবির শুরু করেছেন।’

খালিশা চাপানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে রংপুর, দিনাজপুর, নীলফামারী জেলার সুবিধাভোগী কৃষকদের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ডিমলা তিস্তা ডিগ্রি কলেজের প্রভাষক শ্যাম কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ব্যারেজের ওপর দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান  বলেন, ‘সোমবার রাত ১২টা থেকে সিদ্ধান্ত কার্যকর হবে।’

জেআই