কুষ্টিয়ার ভেড়ামারায় বিষাক্ত অ্যামোনিয়া মিশিয়ে তৈরি হচ্ছে মুড়ি। মুড়িকে আরও সাদা করা এবং ফোলানোর জন্য ব্যাবহার করা হচ্ছে নানা রকম বিষাক্ত ক্যামিক্যাল। ফলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার দুপুরে এমনই একটি মুড়ি কারখানায় অভিযান চালায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। এসময় কারখানা মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভেড়ামারা শহরের রথপাড়া এলাকায় ‘মামা ভাগ্নে মুড়ি’র কারখানা। এর মালিক হাজী আসাদুল হক। প্রাচীর বেষ্টিত নির্জন এলাকায় তিনি দীর্ঘদিন ধরে মুড়িতে বিষাক্ত অ্যামোনিয়াসহ বিষাক্ত ক্যামিক্যাল মিশিয়ে মুড়ি তৈরি করে বাজারজাত করছিলেন।

শান্তি মনি চাকমা জানান, ওই কারখানায় বিষাক্ত অ্যমোনিয়া মিশিয়ে মুড়ি তৈরি করা হচ্ছিল। এখানে মুড়িকে সাদা করা এবং ফোলানোর জন্য বিষাক্ত ক্যামিক্যাল ব্যবহার করা হতো। এই বিষাক্ত মুড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এছাড়াও ভ্রাম্যমান আদালতের দিনভর অভিযান চালিয়ে শহরের ১০ প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে এক লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় দুই ব্যক্তিকে দুই বছর এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই