ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে গাজীপুর থেকে দুই ব্যক্তিকে ধরে জোরপূর্বক মাইক্রোবাসে উঠানোর সময় দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ির জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এ ঘটনা ঘটেছে।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী থানার দূর্গাপুর গ্রামের সেলিম শেখের ছেলে জহিরুল ইসলাম (৩৫) এবং গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে মোহাম্মদ সোহাগ (৩৯)।

জয়দেবপুর থানার এসআই এনামুল হক জানান, দুপুর ২টার দিকে রাজবাড়ি সড়কে জহিরুল ও সোহাগ নিজেদের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভোগড়া এলাকার বাসিন্দা রফিকুল (৩০) ও ছালামকে (৫০) ধরে জোরপূর্বক একটি মাইক্রেবাসে উঠানোর চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও জানান, আটককৃতরা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কেএইচ