রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলাটি ক্রমান্বয়ে পিছিয়ে পড়ার পিছনে জুতসই যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা একটি বড় কারণ উল্লেখ করে ঢাকা থেকে চিলমারী (ঢাকা-কুড়িগ্রাম) আন্ত:নগর ট্রেন চালুর দাবি জানিয়েছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ বলেন, রাজধানীতে অবস্থানরত শ্রমজীবী মানুষের একটি বড় অংশ এসেছে এই জেলা থেকে, যাদের কাছে ক্রমবর্ধমান বাস ভাড়া একটি বোঝাস্বরুপ উল্লেখ করে বক্তারা বলেন, এ অবস্থায় সরাসরি ঢাকাগামী একটি ট্রেনের ব্যাবস্থা করলে এই বিরাট জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তা অনস্বীকার্য ভূমিকা রাখবে।
এই অবস্থায় আঞ্চলিক ইতিহাস ও ঐতিহ্যের সাথে সমন্বয় করে "ভাওয়াইল এক্সপ্রেস" নাম দিয়ে একটি আন্ত:নগর ট্রেন চালু করলে জেলা থেকে মঙ্গা চিরতরে হাড়িয়ে যাবে।
ঐতিহাসিক ও ভৌগলিকভাবে গুরুত্বেপূর্ণ চিলামারী নদীবন্দর ও সোনাহাট স্থলবন্দর তখন এই তিস্তা সেতুর রেল সংযোগের সাথে যুক্ত হয়ে প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু হয়ে দ্রুত পণ্য ও যাত্রী জামালপুর হয়ে ঢাকা পৌছে যাবে। ফলে কুড়িগ্রাম জেলা বাংলাদেশের অর্থনীতির মূলধারায় যুক্ত হবে বলেও মন্তব্য করেন।
বক্তারা জানান, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার যাতায়াতের সুবিধা নিশ্চিতকরণ, বেকার জনগোষ্ঠীর কর্ম সংস্থান, পণ্য পরিবহনে অর্থনৈতিক প্রসার এবং দেশের সার্বিক উন্নয়নে রেলের অগ্রাধিকার দেয়া প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ সমন্বয়ক আব্দুস সুবাহান জুয়েল, সিরাত বাংলাদেশের নির্বাহী এস এম সৈকত, সাংবাদিক রেজাউল করিম, প্রকৌশলী রুপম রাজ্জাক প্রমুখ।
এমএ/কেএইচ





