পানিবাহিত জীবাণু এবং গরমে খাদ্যে দ্রুত ব্যাকটেরিয়া হওয়ার কারণে কুষ্টিয়ায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ১শ’ ২২ জন রোগী ভর্তি রয়েছে।
জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট থেকে এই এক সপ্তাহে ৫ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। শনিবার ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ১শ’ ২২ জন রোগীর অধিকাংশই শিশু ও নারী। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শয্যার অপ্রতুলতা থাকায় অধিকাংশ রোগীকে হাসপাতাল ওয়ার্ডের বাইরে মেঝে ও বারান্দায় রাখা হয়েছে। রোগীদের গাদাগাদিতে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির কারণে আরোগ্য লাভে বিলম্ব হচ্ছে। রোগীর স্বজনদের অভিযোগ, সঠিক চিকিৎসা সেবা ও ওষুধ ঠিকমতো পাওয়া যাচ্ছে না।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরবিন্দ পাল বলেন, পানিবাহিত জীবাণু এবং গরমে খাবারে দ্রুত ব্যাকটোরিয়া হওয়ার কারণে বিশেষ করে শিশু ও নারীসহ বিভিন্ন বয়সের মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। হাসপাতালের স্থান সংকুলান না হওয়ায় চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে। শিশুদের মায়েদের সজাগ থাকা ও পচা-বাসি খাবার এড়িয়ে পানি বিশুদ্ধ করে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





