নেত্রকোনা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী মির্জা আজিজ আমান ইফতি হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার সকালে সাতপাই এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সাতপাই এলাকার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের তেরীবাজার মোড়ে ১০ মিনিট স্তব্ধ কর্মসূচি পালন করে। পরে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি, ইফতির বাবা মির্জা আজিজুর রহমান হাবলু, নাজমুল বাবু, পাপন, প্রলয় ও সিফাত প্রমুখ।

নেত্রকোনা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী মির্জা আজিজ আমান ইফতি (২০) ৯ আগস্ট (শনিবার) দুপুরে সাতপাই এলাকার সরকারি কলেজ প্রাঙ্গণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহপাঠী মুহিবুল ইসলাম আকাশসহ অন্য সঙ্গীদের ছুরিকাঘাতে খুন হয়।

ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে ইফতির সহপাঠী মুহিবুল আলম আকাশ, মামুনুর রশিদ টিপু, জিহাদ, অমি, আসলাম ও রিয়াদকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার এক মাস পর ১১ সেপ্টেম্বর আসলাম নামের এক আসামিকে পুলিশ গ্রেফতার করে। ১৪ সেপ্টেম্বর অপর দুই আসামি মুহিবুল ইসলাম আকাশ ও মামুনুর রশিদ টিপুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়।

জেআই,