ভোলা জেলার সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের সমর্থকরা রাজাপুরের জনতাবাজারে গেলে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক মিঠুর সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দু’গ্রুপের সংঘর্ষের সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও ভাংচুর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থক ওহাব আলী ও ইমান আলী নামের দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান ওসি।

এমই