পটুয়াখালীর কলাপাড়ায় ফেরিতে উঠতে গিয়ে একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ট্রলারের ওপর পড়েছে। এতে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা যাত্রীরাদের কেউ কেউ সাঁতরে তীরে উঠলেও অনেকেই নিখোঁজ রয়েছেন। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন এলাকাবাসী।

রোববার সন্ধ্যা ৬টার দিকে কলাপাড়া ফেরিঘাটস্থ আন্ধারমানিক নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা নদী থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তবে এ ঘটনায় এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিখোঁজদের মধ্যে এক জনের নাম বলতে পারলেও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন। বাংলামেইলকে তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় সামিহা (৬) নামে একটি শিশু নিখোঁজ রয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান  জানান, কলাপাড়া ঘাটে একটি ইট বোঝাই ট্রাক ফেরিতে উঠতে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী নদীতে একটি যাত্রীবাহী ট্রলারের ওপর পড়ে। এতে ট্রাকসহ শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি তলিয়ে যায়।

এ সময় ট্রলারে থাকা যাত্রীদের অনেকেই ডুবে যায়। তবে বিচ্ছিন্নভাবে কেউ কেউকে সাঁতরে তীরে উছেছেন। এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধ্যানে ফায়ার সার্ভিসের একাধিক টিম নদীতে নেমেছে বলেও জানান ‍ওসি।

এমএইচ