ধরপাকড় বন্ধ ও আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা সড়কে বুধবার সকাল থেকে আধাবেলা সড়ক অবরোধ পালন করছে ইউপিডিএফ সমর্থিত তিন দল।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত তিন সংগঠন হল গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
অবরোধ সমর্থনে কোথাও পিকেটিং চোখে না পড়লেও নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সর্তক অবস্থানে। অবরোধের কারণে পানছড়ি ও দীঘিনালা ছাড়াও রাঙামাটির দুই উপজেলা লংগদু ও বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ ও দীঘিনালা থানার ওসি সাহাদত হোসেন টিটু জানান, এখন পর্যন্ত অবরোধ আহ্বানকারীদের রাস্তায় দেখা যায়নি। তবে কেউ নামলে কঠোর হাতে দমন করা হবে।
ধরপাকড় বন্ধ ও আটকদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে খাগড়াছড়িতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
তিন সংগঠনের অভিযোগ, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার দায়িত্ব পালনকালে জেলার পানছড়ির কুড়াদিয়াছড়া পূজামণ্ডপ থেকে পুলিশের একটি এসএমজি খোয়া যাওয়ার ঘটনার জের ধরে প্রশাসন ব্যাপক ধরপাকড়ের মাধ্যমে ইউপিডিএফসহ গণতান্ত্রিক সংগঠগুলোর কার্যক্রমকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের মতে, অস্ত্র হারানোর ঘটনা সাজিয়ে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে।
ইআর





