পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা প্রদান প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেছেন, ঢাকা মহানগর এলাকায় যত ব্যক্তিগত সিকিউরিটি ব্যাবস্থা আছে তাদের সাথে সমন্বয় করে এলাকা ভিত্তিক নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদানের পরিকল্পনা করা হচ্ছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঈদে প্রায় এক কোটি লোক ঢাকা ত্যাগ করে। অফিস, আদালত, দোকান-পাট, রাস্তা-ঘাট সব কিছু ফাঁকা হয়ে যায়। এতে করে ঢাকা শহর অনেকটা শূণ্য হয়ে যায়। তাই রাজধানীতে সকল কিছুর নিরাপত্তা প্রদানের জন্য আমাদের যে নিরাপত্তা ছক সেটি বাস্তবায়নের পরিকল্পনা করছি। ঈদের একদিন আগে থেকে সকল ধরনের নিরাপত্তা প্রদান করা হবে।
যুগ্ম কমিশনার বলেন, এ মূহুর্তে আমরা নিরাপত্তা প্রদানের জন্য অতিরিক্ত সিসি ক্যামেরা স্থাপনের কাজ করছি এবং যে সকল ক্যামেরা নষ্ট পড়ে আছে সেগুলো সংস্কারের কাজ চলছে।
মনিরুল ইসলাম বলেন, এখনো যেহেতু ঢাকা শহর শূন্য হওয়া শুরু করেনি সেহেতু আমাদের সকল কর্ম পরিকল্পনা ঈদের একদিন আগে থেকে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এমআর/এমকে





