দূষণের কারণে অনেক বছর ধরেই অপবাদ ছিল এক সময়ের স্রোতস্বিনী শীতলক্ষ্যার উপর। লাশ ফেলার নিরাপদ স্থান হিসেবেও এ নদীর নাম উঠে আসে বারবার। সবশেষ কলংকের তিলক এঁটে যায় সাত খুনের ঘটনায় নিহতের নিথর লাশ উদ্ধারের পর। সেই নদীর কালো কুচকুচে পানিতেই শনিবার অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকাবাইচ। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মদনগঞ্জ হতে নারায়ণগঞ্জ শহরের ৫নং সারঘাট এলাকা পর্যন্ত হওয়া ওই নৌকাবাইচ দেখতে শীতলক্ষ্যার পাড়ে ছিল হাজারও মানুষের ঢল।

নৌকাবাইচে নারায়ণগঞ্জের বিভিন্ন ৬টি প্রতিষ্ঠানের দল অংশ নেয়। এর মধ্যে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান নিট কনসার্ন বিজয়ী হয়। অন্য ৫টি দল হলো- নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, বিকেএমইএ, ফকির গ্রুপ ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

নৌকাবাইচে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমান, (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, এনডিসি আবুল কাশেম মো. শাহীন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন প্রমুখ।

জেআই