বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য যুব ফ্রন্ট।
স্থানীয় একটি হোটেলে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ হরতালের ডাক দেওয়া হয়। এতে বাঙালীদের আরও দুটি সংগঠন একাত্মতা প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন বন কর্মকর্তা ও কর্মচারীকে বুধবারের মধ্যে মুক্তি দেওয়া না হলে এ কর্মসূচী পালন করবে তারা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলো একের পর এক মানুষ অপহরণ ও জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করছে। আর অবৈধ ওই অর্থ দিয়ে তারা আন্তর্জাতিক অস্ত্র চোরাকারবারিদের মাধ্যমে ভারী অস্ত্র কিনে তা অত্র এলাকায় ব্যবহার করছে।
আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলো অস্ত্রের মাধ্যমে পার্বত্য এলাকা নিজেদের আয়ত্বে আনার অপচেষ্টায় লিপ্ত বলেও বক্তারা অভিযোগ করেন।
নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে অবৈধ চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে অবিলম্বে তিন পার্বত্য এলাকায় সেনাক্যাম্পসহ র্যাব সদস্য মোতায়েনেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে পার্বত্য যুব ফ্রন্টের কেন্দ্রীয় উপদেষ্টা কাজী মোহাম্মদ জালোয়ার সভাপতিত্বে বক্তব্য দেন পার্বত্য যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, প্রাক্তন ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মুন্না, সমঅধিকার আন্দোলনের নেতা জাহাঙ্গীর কামাল প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার লংগদুর খারিকাটা এলাকায় জোত বাগান পরিদর্শনে গেলে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, কাচালং মুখ স্টেশনের রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম ও ফরেস্টার বিবর্তন চাকমাকে অপহরণ করে।
জেএ





