পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সবক’টি আবাসিক হল শাখা কমিটি বিলুপ্ত করেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে গ্রুপিং ও বাক-বিতণ্ডার জেরে এ স্থগিতাদেশ দেয়া হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম কবির জানান, মঙ্গলবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। উপ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক পবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল প্রকার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি হল শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

পবিপ্রবি ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ জানান, বর্তমান সভাপতি আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক রিমনের মধ্যে সম্প্রতি হল কমিটি গঠনকে কেন্দ্র করে মতানৈক্য দেখা দেয়। এ ঘটনা জানিয়ে কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে অভিযোগ দেন সভাপতি। পরবর্তীতে ক্যাম্পাসে ও আবাসিক হলগুলোতে দলের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে কেন্দ্রীয় কমিটি উল্লেখিত সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, ডিসেম্বরের মধ্যে পবিপ্রবি’র পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

উল্লেখ্য, দুই মাস আগে সম্মেলনের মাধ্যমে পবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

কেএইচ