যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১ হাজার ৪০০ মার্কিন ডলার ও ৯টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বেনাপোলের পুটখালি সীমান্তের বালুরমাঠ এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ডলারসহ কন্যাদাহ রামপুর গ্রামের মুসা গাজির ছেলে ইয়ার আলি (৪০) এবং স্বর্ণের বারসহ পুটখালি গ্রামের জাহান আলি বক্সের ছেলে ফারুক হোসেন (২৭)।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল হক জানান, পুটখালি বিজিবির টহলদল ভারতে পাচারের সময় পুটখালির করিম ডাক্তারের বাড়ির সামনে থেকে ২১ হাজার ৪০০ মার্কিন ডলারসহ ইয়াব আলীকে আটক করে। যা বাংলাদেশী ১৬ লাখ ৭০ হাজার টাকার সমপরিমাণ।
অন্যদিকে, স্বর্ণের একটি বড় চালান বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে, এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। সীমান্ত এলাকায় ঘাসের মধ্যে সোনার বারগুলো লুকিয়ে নিয়ে যাওয়ার সময় ফারুক হোসেনকে আটক করা হয়। পরে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন নয়শ’ গ্রাম এবং বাজার মূল্য ৪৯ লাখ ৫০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটক ইয়ার আলি ও ফারুক হোসেনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে।
কেএইচ





