পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহের দাবিতে ১০ মিনিট স্তব্ধ কর্মসূচি পালন করেছে রংপুরবাসী।
বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুর আহবানে এ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালনকালে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। যে যেখানে ছিল, সেখান থেকেই নীরবে ১০ মিনিট দাঁড়িয়ে থাকেন।
রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ এ দাবির প্রতি সমর্থন জানিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে এ কর্মসূতিতে অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সিটি মেয়র ঝন্টু অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ। তিনি রংপুরের সব উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দিলেও গ্যাস সরবরাহে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত রংপুরবাসী এ কর্মসূচি পালন করবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





