গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া (নয়নপুর) এলাকায় যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত ও পাঁচযাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) সানোয়ার হোসেন জানান, জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের ভালুকাগামী লোকাল যাত্রীবাহী মিনিবাস মহাসড়কের নয়নপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ওপর উঠে পড়ে। এসময় বাসটি উল্টে গেলে ওই বাসের হেলপার (২৭) বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

তাৎক্ষণিক হেলপারের পরিচয় পাওয়া যায়নি। আহত ৫ জন নয়নপুর, জৈনা বাজার এবং মাওনা চৌরাস্তার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চালক পলাতক রয়েছে।

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের সফির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম। দুর্ঘটনাকবলিত বাস ও নিহতের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

কেএইচ