বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

চিফ হুইপ বলেন, ‘সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায়। রাজনৈতিক ময়দানে মতভিন্নতা সত্ত্বেও সরকারি ও বিরোধী দল দেশের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ। এই দৃষ্টভঙ্গিতেই এবার বিরোধী দল বাজেট আলোচনায় ৩১ শতাংশ সময় পেয়েছে। বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে বাজেট পাস হয়েছে, ইতিহাসে যা নজিরবিহীন।’

বাজেটে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে মন্তব্য করে নূরুল ইসলাম মনি বলেন, ‘এবারের বাজেটকে জনকল্যাণমুখী করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। জনগণ এর সুফল পাবে।’

দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়ে চিফ হুইপ বলেন, ‘একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে সরকার। এ যাত্রায় সবার সহযোগিতা প্রয়োজন। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে নূরুল ইসলাম মনি বলেন, ‘তিনি উদার ও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেশ পরিচালনা করছেন। দেশকে এগিয়ে নিতে দিনরাত পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছেন। অতীতে আমরা এর নজির দেখিনি।’

চিফ হুইপ বলেন, ‘দেশের মানুষ বেশিরভাগই নেতিবাচক ধারণা ছড়িয়ে এক ধরনের আত্মতুষ্টি লাভ করেন। এতে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।’

জুলাই সনদ ও সংস্কার প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার প্রশ্নে মতভিন্নতা কমিয়ে আনার কাজ চলছে। অগ্রগতি হলে এবং মতপার্থক্য দূর হলে সেটা বাস্তবায়ন করা হবে।’

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ