লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে ২ বাংলাদেশিকে মারধর ও হত্যার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এ ঘটনায় শনিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ।

হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার পেয়ার উদ্দিনের পুত্র শাহিদুল ইসলাম বলেন, আমি ও আমার স্ত্রী আমেনা বেগম শুক্রবার দুপুরে দোলাপাড়া জিগারঘাট সীমান্তে ৮৮৮ নং পিলারের নিকট বাংলাদেশ ভুখন্ডে ঘাস কাটছিলাম। হঠাৎ করে ভারতীয় কুচবিহার জেলার শীতলকুচি থানার বড় মধুসুধন ক্যাম্পের ৩৪ বিএসএফ’র টহল দল আমাদের আক্রমণ করেন। তারা আমার গলা চিপে ধরে হত্যার চেষ্টা করেন। আমাকে ও আমার স্ত্রীকে বেদম মারধর করেন। আমি তাদের নির্যাতনে পায়খানা পর্যন্ত করে ফেলি। পরে স্থানীয় লোকজন ছুটে এলে ভারতীয় বিএসএফ টহল দল বাংলাদেশ ভুখন্ড ত্যাগ করেন।

ওই এলাকার সোনাবান বেগম বলেন, প্রথমত বাংলাদেশ ভুখন্ডে এসে আমাকে ধাওয়া করে ভারতীয় বিএসএফ। পরে শাহিদুল ইসলাম ও তার স্ত্রীকে মারধর করেন তারা।

১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ক্যাম্পের পরিচালক লে. কর্ণেল গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনায় বিজিবি ও বিএসএফ’র মধ্যে শনিবার সকালে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বাংলাদেশে প্রবেশ ও বাংলাদেশী নির্যাতনের ঘটনায় ভারতীয় বিএসএফ’র পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছে। তবে বিএসএফ’র অভিযোগ শাহিদুল একজন চোরাকারবারী। সে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করছিলো।

নুরনবী/জারিফ