ঠাকুরগাঁও জেলার ধর্মগড় সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক ব্যক্তিরা হলেন জাহিরুল ইসলাম (২৫) ও মো. জুয়েল (১৬)। তাঁদের মধ্যে জাহিরুলের বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ভদ্রেশ্বরী কলোনি গ্রামে ও জুয়েলের বাড়ি হরিপুর উপজেলার মরাধর গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং গ্রামবাসী জানায়, দুই বাংলাদেশি কয়েক মাস আগে ভারতে গিয়েছিলেন। ঈদ উপলক্ষে দেশে ফেরার জন্য তাঁরা গতকাল বুধবার সীমান্তের কাছে ভারতের ডাঙ্গিপাড়া গ্রামের একটি বাড়িতে ছিলেন।
ধর্মগড় ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইয়ার আহমেদ বলেন, সীমান্তের ৩৭২(৭) এস পিলার থেকে ৯০০ গজ ভেতরে ভারতের ডাঙ্গিপাড়া গ্রাম থেকে শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাঁদের ধরে নিয়ে গেছে।
বাংলাদেশ বর্ডার গার্ড ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ বলেন, ‘ওই দুজন বাংলাদেশি কোনো চোরাকারবারি নন। তাঁরা শ্রমিক। তাই তাঁদের ফেরত দেওয়ার জন্য ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টকে অনুরোধ জানিয়েছি।’
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





