ফেনীতে একটি যাত্রীবাহী বাসে চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ (১১ অক্টোবর) রোববার সকাল পৌনে ৬টার দিকে ফতেহপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ফতেহপুর রেলক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি বাসকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন অন্তত ১৫ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওবায়দুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এমবি