নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়ায় জুয়া খেলার দৃশ্য ধারণ করার সময় এসএ এবং ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিককে মারধর করেছে জুয়াড়িরা। এ সময় তাদের একটি কক্ষে আটকে রেখে ক্যামেরা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাই করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়ায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক এসএ টিভির নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তার এবং ইনডিপেনডেন্ট টিভির আসাদ রহমানকে নড়াইল সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

আহত সাংবাদিকরা জানান, বিকেলে নড়াইলের খড়রিয়ায় অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ওই এলাকায় জুয়ার আসর বসেছিল। এ সময় জুয়া খেলার ছবি ধারণ করতে গেলে জুয়াড়িরা দুই সাংবাদিকের ক্যামেরা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে মারধর করে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকিয়ে রাখে।

পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ছিনিয়ে নেওয়া ক্যামেরা ও মোটরসাইকেল উদ্ধার করলেও ক্যামেরার মেমোরিকার্ড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমআর