গাজীপুরে চার মাদকসেবী যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম, তৌহিদ বিন হাসান ও সাজিয়া আফরোজের নেতৃত্বে পরিচালিত পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার অভিযুক্তদের ওই দণ্ড দেন।

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারী কমিশনার বিজেন ব্যানার্জী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দণ্ডিতরা হলেন গাজীপুর জেলা শহরের মুন্সিপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে বাবু (৩১) ও একই এলাকার বাসিন্দা মৃত মকবুল হোসেনের ছেলে কামাল হোসেন (৩০), ময়মনসিংহের গফরগাঁও থানার উথুরা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে মিন্টু (১৯) এবং গাজীপুরের টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার নুর মোহাম্মদের ছেলে আবুল কাসেম (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সিপাড়া এলাকায় ইয়াবা সেবনকালে সরঞ্জামসহ বাবু ও কামালকে, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকা থেকে সেবনরত অবস্থায় চারপিস ইয়াবাসহ আবুল কাসেমকে এবং শ্রীপুর উপজেলার মূলাইদ এলাকায় রাস্তার পাশে বসে গাঁজা সেবনকালে ৪০ গ্রাম গাঁজাসহ মিন্টুকে আটক করা হয়।

পরে বাবু ও কামালকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এর আদালতে হাজির করলে বিচারক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের করে কারাদ- প্রদান করেন।

আবুল কাসেমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজের আদালতে হাজির করলে তাকে একই আইনে ওই একই দ- দেন বিচারক।

মিন্টুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এর আদালতে হাজির করলে বিচারক একই আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদ- দেন।

এমকে