ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (০৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গালাহার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজ নামের একটি বাসের সাথে নান্দাইলগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটিকে টেনে কিছু দূর নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই এক যুবক (২০) নিহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাব্বির (১৫) নামে এক তরুণ মারা যান। তিনি হালুয়াঘাট উপজেলার গাবরকুড়া এলাকার বাসিন্দা ছিলেন।
এসময় গুরুতর আহত হন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেরার জয়নাল আবেদীনের ছেলে মাহিন (৮), নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মো: নাছির মিয়া (৫০) ও নূর ইসলাম (৪৫)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান আকন্দ বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
এমবি





