রাজশাহীসহ উত্তরবঙ্গের ১৬ জেলায় ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংগঠনের নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে আবদুল মান্নান আকন্দ ১৬ সদস্যের একটি দল নিয়ে বৈঠকে যোগ দেন।
অন্যদিকে রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল হান্নান (অতিরিক্ত সচিব) ও রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে পরিষদের দাবিগুলো নিয়ে আলোচনা হয়। দাবি বাস্তবায়নের ব্যাপারে প্রশাসনের আশ্বাস পাওয়ায় ধর্মঘট স্থগিত ঘোষণা করেন সংগঠনের নেতারা।
রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল হান্নান বলেন, পরিষদের দাবিগুলোর অধিকাংশই আইন পবির্তনের সঙ্গে সংশ্লিষ্ট। তাদের দাবিগুলো বাস্তবায়ন করা বিভাগীয় প্রশাসনের পক্ষে সম্ভব নয়। তবে দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট বিভাগের পাঠানো হয়েছে।
এছাড়া সড়কে পুলিশের চাঁদাবাজির ব্যাপারে বৈঠকে উপস্থিত রাজশাহী রেঞ্জের ডিআইজি দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানান বিভাগীয় কমিশনার।
উল্লেখ্য, বিভিন্ন দাবিতে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করে। দ্বিতীয় দিন বিকালে এ ধর্মঘট স্থগিতের ঘোষণা আসল।
এআই





