দিনাজপুর জেলার ফুলবাড়িতে ট্রাকচাপায় দুই বিজিবি সদস্য নিহতের ঘটনায় ময়দার মিলের শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে পুলিশ-বিজিবি সদস্যদের সংঘর্ষ চলছে।

সংঘর্ষে পুলিশ-বিজিবির গুলিতে চারজন আহত হয়েছেন। এসময় ১২ জনকে বিজিবি সদস্যরা আটক করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ফুলবাড়ি থানার ময়দার মিল এলাকায় শুক্রবার দুপুর ২টার দিকে ট্রাকের চাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হন। তারা মোটরসাইকেলে বিজিবি ক্যাম্পের দিকে যাচ্ছিলেন। নিহত বিজিবির দুই সদস্য হলেন- আল আমিন (২০) ও রুবেল আলী (২২)।

প্রত্যক্ষদর্শী মুস্তাফিজুর রহমান জানান, ট্রাকচাপার ওই ঘটনার পরপরই ওই স্থান দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন বিজিবির অপর দুই সদস্য। তারা ওই ট্রাকটির পিছু নেন। ট্রাকটি মির্জা ময়দার মিলে প্রবেশ করলে তারাও ওই মিলের সামনে হাজির হন এবং মিলের ভেতর প্রবেশের চেষ্টা করেন। কিন্তু মিলের নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এসময় বিজিবির সদস্য এক নিরাপত্তাকর্মীকে চড় মারেন।

তিনি আরও জানান, মিলের কর্মচারী ও এলাকাবাসী এসময় দুই বিজিবি সদস্যকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে ক্যাম্প থেকে দুই প্লাটুন বিজিবি ও পুলিশ সদস্য ছুটে আসেন। তারা এসময় স্থানীয়দের এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে ময়দা মিলের শ্রমিকদের সঙ্গে স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশ-বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী মুস্তাফিজুর রহমান জানান, এসময় বিজিবি-পুলিশের ছোড়া গুলিতে চারজন গুলিবিদ্ধ হন।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই বিজিবি সদস্য নিহতের পর অপ্রীতিকর ঘটনা নিয়ে বিজিবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতা বিজিবির গাড়িতে হামলা চালায়। এতে বিজিবির এক সদস্যের মাথা ফেটে যায়।

তিনি আরও জানান, উত্তেজিত জনতার হামলা থেকে বাঁচতে বিজিবি গুলি চালায়। গুলিতে একজন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা অব্যাহত আছে।

তবে স্থানীয় ১২ জনকে আটকের কোনো তথ্য জানা নেই বলেও ওসি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও বিজিবির হামলা ঠেকাতে স্থানীয়রা ফুলবাড়ি শহরে প্রবেশের সকল রাস্তায় গাছের গাঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। থেমে থেমে সংঘর্ষ চলছে।

এর আগে, ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মোটরসাইকেলে ক্যাম্পে যাওয়ার সময় ওই স্থানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই বিজিবির দুই সদস্য আল আমিন (২০) ও রুবেল (২২) নিহত হন।

তিনি আরও বলেন, ট্রাকটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

জেআই