ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশন কাজী রকিব উদ্দিন।

তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।

আজ বুধবার কমিশনের এক বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ তিন সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেন।

কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, তিনটি সিটি করপোরেশনে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাছাইবাছাই হবে ১-২ এপ্রিল।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। এই তিন সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে আগামী ১০ এপ্রিল।

সিইসি বলেন, এই তিন সিটি করপোরেশনে আগাম প্রচারের জন্য প্রার্থীদের লাগানো বিলবোর্ড ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে।

এই সময়ের মধ্যে সরিয়ে না ফেললে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ আরও বলেন, প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে পরে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

সিইসি বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর সারোয়ার মোরশেদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এ ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শাহ আলম।

ঢাকার দুই সিটি করপোরেশনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করেছে। সরকারের জোটসঙ্গী জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছাড়াও অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তবে ডিসিসি নির্বাচনের ব্যাপারে আগ্রহ নেই বিএনপির।

দলের নীতিনির্ধারণী মহলে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন নিয়ে দলের ভেতরে নানা মত আছে।

এর আগে দুপুরের পর কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সিইসি কাজী রকিব উদ্দীন আহমদের সভাপতিত্বে ওই বৈঠকেই তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০২ সালের ২৫ এপ্রিল।

নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী দুই ভাগে ভাগ হওয়ার পর ঢাকার উত্তর সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা হলো ২৩ লাখ ৪৯ হাজার ১১৩ জন।

এই সিটি করপোরেশনের ভোটাররা মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য এক হাজার ৮৭টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩। এই করপোরেশনে ভোটকেন্দ্র ৮৭৩টি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ ভোটগ্রহণ করা হয়েছিল ২০১০ সালের ১৭ মার্চ। এই সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন। এখানে ভোটকেন্দ্র ৭৫০টি।

এসএইচ/জেআই