খুলনায় পৃথক তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে নগরীর হরিণটানা থানার শ্মশান ঘাট এলাকায় আগুনে পুড়ে এক বৃদ্ধা ভিক্ষুক (৬৫) মারা গেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত ১২ টার দিকে হরিণটানার শ্মশান ঘাট এলাকায় একটি কুড়ে ঘরে আগুন লাগে। খবর পেয়ে খুলনা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

হরিনটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, আগুন নেভানোর পর ওই বৃদ্ধার মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে তার নাম বা পরিচয় পাওয়া যায়নি। স্থানীরা জানিয়েছেন, তিনি পেশায় ভিক্ষুক ছিলেন। শ্মশান ঘাট এলাকায় একটি কুড়ে ঘরে একা বসবাস করতেন।

অপরদিকে নগরীর পশ্চিম রূপসা এলাকায় কোকাকোলা গোডাউনের পাশে একটি স মিলের কাঠের আড়তে আগুন লেগেছে। কালাম নামে এক ব্যক্তি ওই স মিলের মালিক।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত ১টার দিকে ওই স মিলের কাঠের আড়তে আগুন লাগে। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সেখানে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে খুলনার দিঘলিয়া উপজেলার জামান জুট মিলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত ১টার দিকে জামান জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এএইচ