সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল ২ নভেম্বর। ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), প্রয়োজনীয় জনবলসহ নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হয়েছে।
আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রফেসর মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত মোক্তার হোসেন ও মোটরযান প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ূন কবির। ইতোমধ্যেই প্রচার-প্রচারণা শেষ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
আজ সোমবার (১ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হয়।
উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনটি জেলার শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটারসংখ্যা ৪ লাখ ২০ হাজার ৮৭০ জন। উপনির্বাচনে ১৬০টি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন ভোটাররা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে। উপনির্বাচনে একজন নারীসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সরকার দলীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন করোনা আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে মারা যান। ফলে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এবিএস





