দেশব্যাপী জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৩৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বগুড়ায় গ্রেফতার ১৪১:
বগুড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪১ জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী রয়েছেন।
জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, বগুড়া পুলিশ সুপার মো. মোজাম্মেল হকের নির্দেশে জেলার সব থানায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরায় গ্রেফতার ৪৯:
সাতক্ষীরায় ঝটিকা অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৩ কর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার জেলার বিভিন্ন থানায় রাতভর এ অভিযান চালানো হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের ১৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাকি ৩৬ জন বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
চাঁপাইনবাবগঞ্জে আটক ৮৬:
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২৯ নেতাকর্মীসহ ৮৬ জনকে আটক করা হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন জানান, জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায়কে ঘিরে নাশকতা ঘটতে পারে এমন আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযান চালানো হয়।
তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে ৩০ জন, শিবগঞ্জ থানা থেকে ২২ জন, গোমস্তাপুর থানা থেকে আটজন, নাচোল থানা থেকে ২২ জন ও ভোলাহাট থানা থেকে চারজনকে আটক করা হয়েছে।
এদিকে, নিজামীর রায়কে ঘিরে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব-পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা।
পাবনায় পুলিশি অভিযান, গ্রেফতার ৬৭:
পাবনার ১০ থানা থেকে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬৭ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এস এম মোস্তাইন হোসেন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার ১০টি থানায় পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এস এম মোস্তাইন হোসেন আরও জানান, গ্রেফতারদের মধ্যে বিএনপি বা জামায়াত-শিবিরের কেউ নেই। নিজামীর মামলার রায়কে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। নাশকতার আশঙ্কায় কোনো আটক এখন পর্যন্ত নেই।
সিরাজগঞ্জে আটক ৩:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমিরসহ জামায়াত-বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির উল্লাপাড়া কামিল মাদ্রাসার শিক্ষক পৌর এলাকার ঝিকিরা মহল্লার নজরুল ইসলাম (৪৯), উপজেলার কয়রা দত্তপাড়া মহল্লার মোজাম্মেল হকের ছেলে স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম (৩৫) ও একই মহল্লার সমশের আলীর ছেলে বিএনপি নেতা আজিজুল হক (৩২)।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) তাজুল হুদা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত বছরের সরকার বিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
ঝিনাইদহে গ্রেফতার ১৩:
ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে নাশকতামুলক কর্মকাণ্ড ঘটানোর আশঙ্কায় বুধবার ভোরে ১৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতামুলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন আশঙ্কায় জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালায় পুলিশ।
এ সময় ১৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। এ ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, জেলায় যে কোনো ধরনের সহিংসতা এড়াতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, জামায়াত নেতা নিজামীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা নিয়ে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। দুপুরে তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।
গাইবান্ধায় আটক ১:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন শিবিরের সভাপতি শিহাব উদ্দিনকে (২০) আটক করেছে পুলিশ।
এনায়েতপুর গ্রামে নিজ বাড়ি থেকে বুধবার সকালে তাকে আটক করা হয়।
আটক শিহাব উদ্দিন উপজেলার কামদিয়া ইউনিয়ন শিবির সভাপতি ও একই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবদুর বাশেদ সরকারের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করছেন।
মুন্সীগঞ্জে আটক ১:
মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে জামায়াত নেতা আব্দুর রশীদ মুন্সীকে (৪৫) আটক করেছে পুলিশ। নিজ বাড়ি থেকে বুধবার ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়। তিনি শহর জামায়াতের প্রচার সম্পাদক।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাহের জামায়াত নেতা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
চট্টগ্রামে আটক ৭:
চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার দেওয়ানবাজার এলাকায় দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে ৭ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়েছে। এরপর পুলিশ জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ওই মাদ্রাসায় তল্লাশি চালাচ্ছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মনজুর মোর্শেদ বলেন, রায় ঘোষণার পর মাদ্রাসা থেকে বেরিয়ে কয়েকজন এগিয়ে যাবার চেষ্টা করে। এসময় পুলিশ দেখে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে।
কেএইচ





