ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সিমেন্টবাহী কভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ গাড়ি দুইটি আটক করলেও চালকদের আটক করতে পারেনি।

গোড়াই মহাসড়ক থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সকাল ৬টার দিকে ঢাকাগামী বাবুল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতগামী প্রিমিয়ার কোম্পনির সিমেন্টবাহী কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের ও ভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাকবলিত বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গাড়ি দুইটি আটক ও মহাসড়ক থেকে উদ্ধার করার পর এপথে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সময় বিকল্প পথে গাড়ি চলাচল করায় যানজট সৃষ্টি হয়নি। গাড়ি দুইটির চালকরা ঘটনার পরই পালিয়ে গেছে।

কেএইচ