চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিজিবিকে লক্ষ্য ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
রোববার রাত ৮টার দিকে এ ককটেল হামলার ঘটনা ঘটে। তবে এ হামলায় কেউ আহত হয়নি। আটকরা হলেন- জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আলী হোসেনের ছেলে মুরাদ হোসেন (২৭), ওহাব মন্ডলের ছেলে মালেক (২৮), ইন্তাদুল হকের ছেলে ফলে হক (২০) ও তেতুল মন্ডলের ছেলে আব্দুল মোমিন (৪০)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান বলেন, রোববার রাতে সীমান্ত এলাকার ৬২ নম্বর মেইন পিলারের কাছে টহল দিচ্ছিল বিজিবির একটি টহলদল। এসময় সংঘবদ্ধ একটি চোরাচালানি গ্রুপ বিজিবির টহল পার্টিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, থানায় সোপর্দ করা চারজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাদের সকলকে সোমবার বেলা সাড়ে ১২টায় আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা আদালতের পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের ওই চার আসামিকে আদালতের কারাকক্ষে আটক রাখা হয়েছে।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





