জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে দলটির ডাকা তিনদিনের হরতালের প্রথম দিন বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীতে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু হয়। এ সময় র্যাবের একটি টহল গাড়ী সেখানে গেলে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে মহানগরীর হাদির মোড়ে এ ঘটনা ঘটে।
এদিকে হরতালের আগের রাতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আতাউর রহমানসহ ছয় জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। মহানগরীর তেরখাদিয়া এলাকা থেকে রাত আড়াইটার দিকে মতিহার থানা পুলিশ তাদের আটক করে।
গত বছর ঢাকার কল্যাণপুরে ককটেল ও বিপুল পরিমাণ বইপত্রসহসহ র্যাবের হাতে আটকের পর ওই মামলায় জামিনে ছিলেন আতাউর রহমান।
মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, আতাউর রহমানসহ অন্যদের বিরুদ্ধে হরতালে নাশকতার সৃষ্টির পরিকল্পনার অভিযোগ ছিল। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর পর্যন্ত আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, সকাল পৌনে ৭টার দিকে কাটাখালি বাজারে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হরতাল সমর্থকরা ইট নিক্ষেপ করে।
পুলিশ শটগানের গুলি ও টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরকর্মীরা বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করছে।
তবে নগরজুড়ে পুলিশের কঠোর অবস্থানের জন্য জামায়াত-শিবির মাঠে নামতে পারছে না।
হরতাল শুরুর পর সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন রুটের আন্ত:নগর ও লোকাল ট্রেন ছেড়ে গেলেও রাজশাহী থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ভারী যানবহন চলাচল না করলেও মহানগর এলাকায় রিকশা-ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা, বাই-সাইকেলসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক আছে হরতাল শুরুর পর থেকেই।
হরতাল শুরুর পর নগরের কোথাও কোনো পিকেটিং দেখা যায়নি। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
নগর ভবন, রাজশাহী রেল স্টেশন, বাস টার্মিনাল, চেম্বার ও রেলভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নিয়মিত টহল দিচ্ছে র্যাব।
মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, মহানগর জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমানসহ ছয় জামায়াতকর্মীকে রাতে নগরের তেরখাদিয়া এলাকা থেকে আটক করেছে মতিহার থানা পুলিশ।
এছাড়াও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ২০ জনকে আটক করেছে। হরতালের কারণে ভোর থেকে নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি।
কেএইচ





