আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সুশাসনের অভাবেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সবকিছু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যার যা খুশি করছে। যাকে খুশি মারছে।’

বুধবার সকালে ছয় দিনের রংপুর সফরে এসে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পাঁচ বছর পরেই নির্বাচন দিবে সরকার। মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। এখন অপজিশন বলতে কেউ নেই। তাই মধ্যবর্তী নির্বাচন দাবি করারও কেউ নেই।’

এরশাদ বলেন, ‘এখন প্রতিদিনই রাজন, রাকিব, রকিউল, রাজাদের মতো শিশুদের হত্যা নির্যাতন করা হচ্ছে। আমরা তো এরকম ছিলাম না। আমরা কেন নিষ্ঠুর হয়ে গেছি। আমাদের নাগরিক জীবন বিপদগ্রস্ত হয়ে পড়েছে।’

এ সময় জাপা চেয়ারম্যানের সঙ্গে ছোট ভাই ও সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরসহ রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআই