তিন ব্যবসায়ী খুনের ঘটনায় বান্দরবানের থানছি উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। হত্যাকারীদের বিচার দাবিতে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বেশ কয়েকটি সরকারি অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধরা।

থানছি বাজার কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন নতুন বার্তা ডটকমকে জানান, তিন ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যায় থানছি উপজেলায় হরতাল আহ্বান করা হয়েছে।

তিন ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আইন শৃঙ্খলাবাহিনীর বৈঠকেরও কথা রয়েছে।

উপজেলা চেয়ারম্যান ক্যহ্লা চিং জানান, এলাকায় বেশ কয়েকটি অফিস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা।

অপহরণের দুদিন পর সোমবার দুপুরে বান্দরবানের থানছি উপজেলার ডিমপাহাড় এলাকা থেকে আলীকদমের ৩ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। থানছি আলীকদম সড়কের অংথন পাড়ার কাছে ২৮ কিলোমিটার এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, “অপহৃতদের গলা কেটে হত্যা করা হয়েছে। অজ্ঞ্যাত সূত্রে খবর পাওয়ার পর থানছি আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকার জঙ্গল থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।”

এর আগে শনিবার আলীকদম উপজেলার ওবায়দুল হাকিম পাড়ার তিন ব্যবসায়ী মো: আবু বক্কর (৪০), মো: আবসার আলী (৩৫) ও সাহাবুদ্দিন (৩২) মটরসাইকেল যোগে থানছি উপজেলা দুর্গম ডিম পাহাড় এলাকায় গেলে সেখানে একদল সন্ত্রাসী তাদের অপহর করে।

ওএফ