গাইবান্ধা সদর উপজেলা থেকে অপহৃত রাব্বি মিয়া (১১) নামে এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী কাজল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (০৫ এপ্রিল) বিকেলে ঢাকার মিরপুরে শাহআলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশু রাব্বি গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর এলাকার ফিরোজ কবিরের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

অপহরণকারী কাজল মিয়া চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রাব্বির বাবা ফিরোজ কবিরের সঙ্গে অপহরণকারী কাজল মিয়ার ঢাকায় রিকশা চালানোর সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে। ওই সম্পর্কের সূত্র ধরে কাজল গাইবান্ধায় আসেন।

গত সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কৌশলে রাব্বিকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসেন কাজল। পরে রাব্বির বাবার কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেন তিনি।

এ ঘটনায় ফিরোজ কবির বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি অপহরণ মামলা করেন। গাইবান্ধা সদর থানা পুলিশ শাহআলী থানা পুলিশের সহায়তায় কাজলকে গ্রেফতার ও রাব্বিকে উদ্ধার করে।

ওএফ