বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকায় একটি ট্রলারডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়। ট্রলারডুবির পর এখনো নিখোঁজ আছেন আরও ১০ জন।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে সেন্টমার্টিন দ্বীপ থেকে দক্ষিণে প্রায় ৩৫ কিলোমিটার অদূরে ২৬ মাঝিমাল্লা নিয়ে মাছ ধারার ফিশিং ট্রলার ডুবির এই ঘটনা ঘটে।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার এম মানসুরুল মাহদীন জানান, সেন্ট মার্টিন দ্বীপ থেকে দক্ষিণে প্রায় ৩৫ কিলোমিটার অদূরে বঙ্গোপসাগরে ২৬ মাঝিমাল্লা নিয়ে মাছ ধারার ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে ৪ জনের লাশ এবং জীবিত অবস্থা ১২ জনকে উদ্ধার করে। এছাড়া নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের দুটি ও নৌ-বাহিনীর দুটি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার ফিশিং ট্রলার ডুবির ঘটনায় কোস্টগার্ড ও নৌ-বাহিনী সদস্যরা ৪ জনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া জীবিত ১২ জন জেলেকে উদ্ধার করে। ট্রলার ডুবির ঘটনায় আরও ১০ জন নিখোঁজ থাকার খবর রয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি সেন্ট মার্টিনের নয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বঙ্গোপসাগরে ২৬ জন জেলে নিয়ে ডুবে গেছে মাছধরা ট্রলার জানজাবিন। ১২ জন জীবিত ও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী।
এমবি





