মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি, সন্ত্রাস আর আমলাতান্ত্রিক জটিলতা। এসব নিয়ন্ত্রণ করতে পারলে  ২০২১ সালের মধ্যে বাংলাদেশ এশিয়ান টাইগার হিসেবে বিশ্বে পরিচিতি পাবে।
বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় মজীনা এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ ধৈর্যশীল ও পরিশ্রমী। তারা উদ্যোমী ও গতিশীল বলেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে।
এসময় পৌরবাসী ও নাগরিক সমাজের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে সংবর্ধনা দেয়া হয়। সভায় জেলা প্রশাসক, এসপি স্থানীয় বিজিবি কমাণ্ডার, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও কৃষিবিদরা উপস্থিত ছিলেন।
মজীনা বলেন, বাংলাদেশের উন্নয়নে সম্ভাবনা প্রচুর রয়েছে, তবে এক্ষেত্রে বাধাও কম নয়। এদেশ থেকে প্রতি বছর বিপুলসংখ্যক লোক বিদেশে যাচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মাটি খুবই উর্বর। এ উৎপাদন বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে।
মজীনা চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ জেলা সফর করেন। এরপর মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
[b]ঢাকা, ১৪ মে ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]