নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সয়াবিন তেলবাহী (৬০ ড্রাম) একটি ট্রাক ছিনতাই হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ছিনতাই হওয়া ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তেল ভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দারমা এলাকার খান মাহমুদের ছেলে ট্রাক চালক জাহাঙ্গীর আলম (৩৩) ও ফিরোজ মিয়ার ছেলে হেলপার আইয়ুব মিয়া (২৮)।

ট্রাক চালক জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাতে পার্শ্ববতী সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার মাল্টি ভেজিটেবল অয়েল রিফাইনারি কোম্পানি নামে একটি তেল কারখানা থেকে নয় লাখ টাকার (৬০ ড্রাম) প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট ০২-০৮৪৩) লোড করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে তেল ভর্তি ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে কর্ণগোপ এলাকায় এলে একটি মিনিবাস ট্রাকটির গতিরোধ করে। পরে আরেকটি প্রাইভেটকার থেকে চার/পাঁচজন লোক নেমে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।

এ সময় তাকেসহ হেলপার আইয়ুব মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে তেলবাহী ট্রাকটি ছিনিয়ে নিয়ে যান।

পরে জাহাঙ্গীর আলম ও আইয়ুব মিয়া ঘটনাটি পুলিশকে জানানোর জন্য সকাল ১০টার দিকে রূপগঞ্জ থানায় যান। ঘটনাটি শুনে থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন তাদের দু’জনকে আটক করে।

এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছ। এছাড়া ছিনতাই হওয়া তেল বোঝাই ট্রাক উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

কেএইচ