চুয়াডাঙ্গা থেকে পাচার হওয়া ২ কিশোরীকে দীর্ঘ ৩৭ দিন পর ঢাকার সাভার থেকে উদ্ধার করা হয়েছে। সাভার বাজারের ওভারব্রিজের কাছ থেকে মঙ্গলবার দুপুরে তাদের উদ্ধার করে পুলিশ। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—দামুড়হুদা উপজেলার দর্শনার মোবারক পাড়ার লিটনের স্ত্রী লাবণী বেগম ওরফে আয়েশা ওরফে আলেয়া (৪২), কুড়ুলগাছি গ্রামের আরশেদ আলীর ছেলে রানা (৩২) ও দর্শনা হঠাৎপাড়ার আমির হোসেনের ছেলে মামুন (২৮)।

 

দামুড়হুদা মডেল থানায় রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন।

পুলিশ জানায়, প্রেমের ফাঁদে ফেলে ১৭ জুলাই দর্শনা হঠাৎপাড়া এলাকা থেকে দুই কিশোরীকে পাচার করে নিয়ে যায় একই এলাকার রানা ও মামুন নামে দুই যুবক। পরে তাদের লাবণী নামের অপর এক পাচারকারীর কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে নিয়ে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

 

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সেখানে টানা একমাস রাখার পর ওই দুই কিশোরীকে ঢাকার সাভারের আরেকটি পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকে সোমবার রাতে কৌশলে পালিয়ে যায় ওই দুই কিশোরী। পরে পুলিশ ওই দুই কিশোরীর পরিবারের কাছ থেকে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার একটি দল সাভার থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের স্বীকারোক্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় দামুড়হুদা থানায় নারী ও শিশুপাচার আইনে মামলা হয়েছে।

এম এ