গাজীপুরের সালনায় পুলিশ অপহৃত শিশু উদ্ধার ও অপহরণে জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করেছে।
এছাড়া পৃথক এক অভিযানে ভোগড়া বাইপাস এলাকা থেকে ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে গাজীপুরের পুলিশ সুপার মো: হারুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সালনা এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে মো. হিরা মিয়া (৭) রোববার সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে গিয়ে অপহৃত হয়। জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকাল ১১টার দিকে সালনা বাজার এলাকা থেকে অপহৃত শিশু হীরাকে উদ্ধার করে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত গাজীপুর সিটি কর্পোরেশনের নগপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও তার স্ত্রী জুবেনাকে (২৭) আটক করা হয়।
এদিকে একদল ডাকাত গাজীপুরের কালিয়াকৈরে চালের গুদামে ডাকাতি করার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকায় প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকযোগে পালানোর সময় রোববার রাত ২টার দিকে ভোগড়া বাইপাস এলাকার রাস্তা থেকে গ্রীল কাটার যন্ত্র, চাপাতি ছোরানসহ ১২ ডাকাতকে আটক করা হয়।
এরা হলো- ময়মনসিংহের হালুয়াঘাট থানার খররাকুড়ি এলাকার কামরুল ইসলাম (২৯), গাইবান্দার সাদুল্যাপুর থানার উত্তর রসুলপুর এলাকার সাইফুল ইসলাম (২৬), একই থানার মহেশপুর এলাকার আল মামুন (২৭) একই থানার ৫নং ফরিদপুর এলাকার মো: রানা (২৬) ও মোহাম্মদ শেখ (২৪), কুড়িগ্রামের আলীপুর থানার কদমতলা এলাকার রাশেদুল (২২), শেরপুর সদরের সাতপাথিয়া এলাকার আলামীন (২৭), রংপুরের পীরগঞ্জ থানার আগাচতরা এলাকার মিঠু মন্ডল (২৩) ও ফিরোজ প্রধান (১৮), শিরপুরের হেরুয়া বাজারীপাড়া এলাকার নজরুল ওরফে ফকির (৩৫), ময়মনসিংহের হালুয়াঘাট থানার গলইভাংগা এলাকার রুবেল (১৯) এবং শেরপুরের শ্রীপুর থানার টাংগারপাড়া এলাকার জহির (১৮)।
কেএইচ





