শ্রমিকবাহী একটি বাস ও পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৫টার গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার এ্যপেক্স ফুডওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা একটি যাত্রীবাহী বাস কারখানার দিকে যাচ্ছিল।
পথে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল সাড়ে ৫টার দিকে বিপরীতদিক গামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বাসের চালক ও হেলপারসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসাপতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠায়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত মর্জিনা, রুনা, আব্দুর রহিম, নার্গিস, আনোয়ারা, নাসিমা, লাভলী, আবদুল মালেক মিয়া, হাসিনা বেগম, আমীর আলীসহ ৩৫ জনকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, আহত মধ্যে সাইফুল (৪০), মঙ্গলদাস (৩৫), রওশনআরা (২২) ও সাইফুলকে (৩০) এ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ওসি মো. দাউদ জানান, বাস ও ট্রাক আটক করা হয়েছে।
এআর





