সিলেট নগরীতে প্রবল বৃষ্টিতে টিলা ধসে এক শিশুসহ ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর আখালিয়াস্থ হাওয়ালদারপাড়া মোহনা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, মোহনা আবাসিক এলাকার বাসিন্দা ও আখালিয়া নবাবী মসজিদ মাকের্টের সাবেক সহ-সভাপতি হেলাল আহমদের স্ত্রী রুবী বেগম (২৪), ছেলে নাহিম আহমদ (৭) ও গৃহকর্মী রুবিনা বেগম (১৭)।

জানা গেছে, গত রাত (বুধবার) থেকে সিলেট নগরীতে প্রবল বৃষ্টি হয়। বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকালে নগরীর আখালিয়া মোহনা আবাসিক এলাকার বাসিন্দা হেলাল মিয়া ও আহাদ মিয়ার বাড়ির পাশ্ববর্তীটি টিলাটি তাদের বাড়ির উপর ধসে পড়ে। এতে হেলাল আহমদের ঘরটি চাপা পড়ে। এ সময় তার স্ত্রী, ছেলে ও গৃহকর্মী আহত হন। পরে আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

হেলাল আহমদ অভিযোগ করে বলেন, ‘কিছু দিন আগে তার বাড়ির পাশ্ববর্তী একটি টিলা থেকে মাঠি কেটে নেন স্থানীয় কাউন্সিল ইলিয়াছুর রহমান ইলিয়াছ। ফলে বৃষ্টিতে টিলাটি ধসে পড়েছে।

তবে স্থানীয় ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আখালিয়া মোহনা আবসিক এলাকায় একটি টিলা ধসে পড়ার খবর শুনেছি।’

ওই টিলাটির মালিক আলী বাহার চা বাগান জানিয়ে ইলিয়াছ বলেন, ‘টিলা ধসে রাস্তা বন্ধ হয়েছে। তবে কোনো বাড়ির উপর পড়েনি। এমন ঘটনা ঘটলে আমি শুনতাম।’

জেআই