রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।
সোমবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয। মঙ্গলবার পুলিশ এ তথ্য জানায়। গ্রেপ্তারকৃত তিনজন হলেন- এস এম সালাহউদ্দিন, মো. জাকির ও মো. খায়রুল আমিন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার দিবাগত রাতে সবুজবাগ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় এস এম সালাহউদ্দিন, মো. জাকির ও মো. খায়রুল আমিনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়েছে।
গোয়েন্দারা বলছেন, গ্রেপ্তারকৃতরা ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে সবুজবাগ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এমএনজে





