পাল্টাপাল্টি শোডাউনের পর সিলেটে ফের রাজপথে সংঘর্ষে জড়ালো ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীরা। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সংঘর্ষের সময় আগুন দেয়া হয়েছে ৬টি মোটরসাইকেলে।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির অনুসারী এবং কমিটি প্রত্যাখানকারী বিদ্রোহীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী 'নিখোঁজ'র ৩০ মাসপূর্তি উপলক্ষে নগরীতে মিছিল ও সমাবেশ করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও বিএনপির অঙ্গ সংগঠন। মিছিল শেষে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমানের অনুসারী কিছু কর্মী মোটরসাইকেলে সুবিদবাজারের দিকে যাওয়ার পথে চৌহাট্টাস্থ শহীদ মিনারের সামনে বিদ্রোহীরা হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান বলেন, ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা নিরহী কর্মীদের উপর হামলা চালিয়েছে ও তাদের মোটর সাইকেল পুড়িয়েছে। পরে সন্ত্রাসীদের পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
বিদ্রোহী গ্রুপের নেতা আহমদ চৌধুরী ফয়েজ ও রেজাউল করিম নাচন জানান- ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আমরা ৩দিন আগে কর্মসূচি ঘোষণা করি। 'পকেট কমিটি'র নেতাকর্মীরা হঠাৎ করে মিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাদের সাথে শিবির থেকে আগত নেতাদের দেখে সাধারণ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। পরে কয়েকজনকে তারা ধোলাই দেয়।
সিলেট কোতোয়ালী থানার এসআই বিকাশ দাস জানান- ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে কমিটি নিয়ে নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোড ও নয়াসড়ক এলাকায় দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
জেআই





