বিএনপির তৃনমুল নেতাকর্মীদের উদ্বেগ-উৎকন্ঠা কাটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, পাবর্ত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাংসদ ওয়াদুদ ভুইয়া।
সোমবার (২৬ নভেম্বর) রাতে চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। রাত সাড়ে ৯টার দিকে দলেন মহাসচিব স্বাক্ষরিত চিঠি গ্রহন করেন তিনি।
এর আগে দলের মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিনে দলের মনোনয়নপত্র কিনেছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সমিরণ দেওয়ান। তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে খাগড়াছড়ি ২৯৮নং আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। যদিও শেষ পর্যন্ত তিনি দলীয় মনোনয়ন পাননি।
মনোনয়নপত্র হাতে পেয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, দীর্ঘ দিনের ত্যাগের মূল্যায়ন হয়েছে। ভোট বিপ্লবের মাধ্যমে খাগড়াছড়ি আসনে বিজয় ছিনিয়ে এনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত করবো।
উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পরপর দুই বার বিএনপির টিকেটে খাগডাছড়ি ২৯৮ নং আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওয়াদুদ ভুইয়া। দুদকের দায়ের করা একটি মামলায় ২০ বছরের কারাদন্ড পেয়ে কারাগারে আটক থাকায় ২০০৮ সালের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তিনি।
আবু বকর/এসএম





