বিশ্ব কর্মা পূজা উপলক্ষে ভারতীয় ট্রাক চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় বুধবার সকাল থেকে পেট্রাপোল স্থল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরে আমদানি পণ্য খালাস কার্যক্রম চলছে।
ভারতের পেট্রাপোল বন্দরের রপ্তানিকারক প্রতিষ্ঠান মধুমিতা ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী রেজাউল বিশ্বাস বাংলানিউজকে জানান, বিশ্ব কর্মা পূজার এই দিনে পণ্য বহনকারী ট্রাক চালকরা ট্রাক চলাচল বন্ধ রেখেছে এ কারণে বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বুধবার বিকেল বা বৃহস্পতিবার সকাল থেকে পণ্য পরিবহন পূনরায় শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধের বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে কিছু জানায়নি। সকাল ১০টায় বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টা পর্যন্ত কোনো ভারতীয় ট্রাক পণ্য নিয়ে এপারে আসেনি। এছাড়া বাংলাদেশ থেকেও কোনো রপ্তানি পণ্য ভর্তি ট্রাক তারা গ্রহণ করেনি। তবে বেনাপোল বন্দর অভ্যন্তের আমদানি পণ্য ওঠা-নামার কাজ চলছে বলে জানান তিনি।
এদিকে, আগে থেকে না জানিয়ে হঠাৎ করে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বেনাপোল বন্দরে ৩ শতাধিক ট্রাক রপ্তানি পণ্য নিয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





