গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
এতে শ্রীমঙ্গল উত্তরসুর এলাকার সখিনা সিএনজি পাম্প সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। তবে ঘটনার তিন ঘণ্টা পেরুলেও টিকি দেখা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
সিলেটগামী শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৭৯১) সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
রোববার বিকেল সাড়ে ৪টা থেকে এ অবস্থা বিরাজ করলেও কর্তৃপক্ষের নেই সমস্যা নিরসনকল্পে কোনো প্রকার দ্রুত কার্যকর ব্যবস্থা।
সাড়ে ৬টায় সরেজমিন শ্রীমঙ্গল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যানজটে আটকে রয়েছে প্রায় ২শ যানবাহন। ফলে ঘরমুখী মানুষ পড়েছেন বিড়ম্বনায়।
শ্যামলী বাসের চালক শাহজাহান মিয়া বলেন, সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে ব্রেক করলে বাসটি সঙ্গে সঙ্গে ঘুরে রাস্তায় আড় হয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, পুলিশ বা আইনপ্রয়োগকারী সংস্থার কেউ যদি এসে লাইনটি ক্লিয়ার করে দিতো তাহলে যানজট থাকতো না। পুলিশ ঘটনাস্থলে থাকলেও যানজট নিরসনে কিছুই করছে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, যানজট লাগলে কিছু করার নেই। ক্রেন এলে বাসটিকে টেনে না সরানো পর্যন্ত কিছুই হবে না। আমার অফিসাররা ঘটনাস্থলে রয়েছে।
এএইচ





