বাংলাদেশি নাগরিকদের লিবিয়া ভ্রমণে কঠোরভাবে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ায় চলমান যুদ্ধাবস্থা ও অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সতর্কতা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বলবৎ​ থাকবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, সংঘাতময় পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত লিবিয়া ভ্রমণ নিরাপদ নয়। লিবিয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিবাসীকর্মীসহ সকল বাংলাদেশিকে লিবিয়া ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেয়া হয়।

লিবিয়ায় থেকে ছুটিতে দেশে আসা বাংলাদেশিদেরকেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এর আগে গত জুলাই মাসে একই ধরনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সহিংস পরিস্থিতির কারণে তার আগে লিবিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম স্থগিত করে তিউনেশিয়ায় স্থানান্তর করা হয়।

এআই