সিলেট নগরীর দরগাহ গেইট এলাকা থেকে এক ক্ষুদ্র ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যবসায়ীর নাম রাহুল আহমদ (৩৫) বলে জানা যায়।

রোববার দুপুর ১২টার দিকে হোটেল ঈশিতা ও মাদারকেয়ার ক্লিনিকের মধ্যবর্তী ড্রেন থেকে লাশটি উদ্ধার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, রাহুল নগরীর বাগবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মাদারকেয়ার ক্লিনিকের সামনে চা বিক্রি করতেন এবং পাইকারীভাবে চা পাতা ও দুধ বিক্রি করতেন।

রোববার সকালে নগরীর দরগাহ গেইটস্থ হোটেল ঈশিতা ও মাদারকেয়ার ক্লিনিকের মধ্যবর্তী ড্রেনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় ক্লিনিকের সামনে রাখা রাহুলের মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধাররের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় রাহুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এসএইচ