নারায়ণগঞ্জে মহাসড়কের পাশ থেকে ৪ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ অক্টোবর) ভোরে জেলার আড়াইহাজারের পথরুচি এলাকায় মহাসড়কের পাশে লাশগুলো দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের শিকার যুবকদের পরিচয় মেলেনি। তবে ঘটনাস্থল থেকে গুলিভর্তি দুটি পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘নিহতদের চার জনেরই মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। যে কারণে তাদের চেহারা চেনা যাচ্ছে না। তবে তাদের শরীরের কোথাও গুলি বা মারধরের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

তিনি জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতাহাল করছে। পরে লাশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

জেড